উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১২ বিকাল
  • ৩১২৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের মধ্যে রয়েছেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু।

প্রতিবেদন অনুযায়ী, হালকা তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশ্যে উড্ডয়ন করে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনের হেলিকপ্টারটি। তবে হাতি পর্বত ও জোশীমঠ উপত্যকা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আধুনিক ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধারে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বাহিনী

দুর্ঘটনার খবর পাওয়ার পর ছাই গ্রামের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ জানান, সেনাবাহিনী, পুলিশ ও জরুরি স্বাস্থ্যসেবা দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

এদিকে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এভিয়েশন সংস্থার সব হেলিকপ্টারের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

উদ্ধার তৎপরতা তদারকি করছেন মুখ্যমন্ত্রী

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জোশীমঠের কাছাকাছি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি নিজে উদ্ধার তৎপরতা তদারকি করছেন। পাশাপাশি গুরুতর আহতদের দ্রুত আকাশপথে সরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও বৈরী আবহাওয়ার কারণে উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি ছোট-বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল প্রাণঘাতী। গত বছরের জুনে কেদারনাথের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।

তথ্যসূত্র: এনডিটিভি ও যুগান্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad