ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের প্রাথমিক পরিকল্পনায় ৬৪ কিলোমিটার উড়ালপথ নির্মাণের প্রস্তাব সামনে আসার পর মিরসরাই উপজেলা সদরে ফ্লাইওভার নির্মাণের দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের দাবি, উপজেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র মিরসরাই পৌর সদরে প্রতিদিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশায় উপজেলা সদরকে অন্তর্ভুক্ত করে ফ্লাইওভার, সার্ভিস রোড ও নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাথমিকভাবে ৭১ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রস্তাবিত পরিকল্পনায় প্রায় ৬৪ কিলোমিটার অংশ উড়ালপথে এবং বাকি অংশ ভূমিতে নির্মাণের কথা রয়েছে।
২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে অর্থায়ন, নির্মাণ কাঠামো ও উড়ালপথের স্থান এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় মিরসরাই সদরের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে চূড়ান্ত নকশায় ফ্লাইওভার অন্তর্ভুক্তির দাবি উঠেছে।
যানজট ও দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থীরামিরসরাই পৌরসভা উপজেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজ, কেনাকাটা, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে অসংখ্য মানুষ এখানে আসেন। মহাসড়কের দুই পাশে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় স্থানীয় যানবাহন, পথচারী এবং দূরপাল্লার দ্রুতগতির যানবাহন একই সড়কে চলাচল করে।
বিশেষ করে কলেজ রোড ও কোর্ট রোড এলাকায় যানবাহনের চাপ বাড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে সাধারণ মানুষের চলাচলও স্থবির হয়ে পড়ে।
উপজেলা সদরের আশপাশে রয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, লতিফিয়া কামিল মাদরাসা, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মিরসরাই ডিগ্রি কলেজ, মিরসরাই কিন্ডারগার্টেন, মিরসরাই আজিজিয়া মাদরাসা, মিরসরাই ফারুকিয়া মাদরাসা ও মিরসরাই ইউসডম স্কুল। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে প্রতিদিন মহাসড়কসংলগ্ন সড়ক ব্যবহার করতে হয়।
লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে তাঁর মাদরাসাসহ অন্তত ১০টি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ক্লাস শুরু ও ছুটির সময় কোমলমতি শিক্ষার্থীদের ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হয়। এতে অভিভাবকেরা আতঙ্কে থাকেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মিরসরাই সদরে ফ্লাইওভার ও নিরাপদ আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি।
মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, কলেজ রোড ও কোর্ট রোডের মুখে দূরপাল্লার গাড়ি ও স্থানীয় যানবাহনের জটলায় শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হয়। ইতিপূর্বে এ সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।
এক্সপ্রেসওয়ের চূড়ান্ত পরিকল্পনায় মিরসরাই সদর অংশে উড়ালপথ রাখা না হলে ভবিষ্যতে এই ঝুঁকি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
একাধিক প্রাণঘাতী দুর্ঘটনামিরসরাই পৌরসভার মহাসড়ক অংশে ইতিপূর্বে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
২০২৫ সালের ৭ জুলাই পৌরসভার কলেজ রোডের মুখে লরির ধাক্কায় পাঁচ বছর বয়সী শিশু আলিফা নিহত হয়। মায়ের কোলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুটি দুর্ঘটনার সময় ছিটকে পড়ে প্রাণ হারায়।
এরপর ২০২৬ সালের ৭ জুন পৌরসভার উত্তর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্রী শ্রুতি পাল (২০) নিহত হন। এ ঘটনায় তানভীর হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন।
এ ছাড়া মিরসরাই থানা মসজিদের সামনে লরির ধাক্কায় সাংবাদিক আবদুল মান্নান রানা গুরুতর আহত হয়ে দুই পা হারান।
স্থানীয়দের অভিযোগ, বাজারের দক্ষিণ পাশে একটি ফুটওভার ব্রিজ থাকলেও দূরত্বের কারণে সাধারণ মানুষ সেটি খুব একটা ব্যবহার করেন না। ফলে অনেকেই ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন।
অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নেওয়ার দাবিমিরসরাই বাজার পুরো উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনার আতঙ্কে ক্রেতারা বাজারে আসতে ভয় পান।
তিনি বলেন, দূরপাল্লার যানবাহন ফ্লাইওভার দিয়ে চলাচল করলে নিচের সড়ক স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের জন্য নিরাপদ হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও গতি আসবে।
স্থানীয়দের ভাষ্য, মিরসরাই পৌর সদর থেকে মিরসরাই-ফটিকছড়ি (নারায়ণহাট) সড়ক হয়ে পার্বত্য জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। অন্যদিকে, মহাসড়ক থেকে উপজেলা সড়ক দিয়ে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে।
ফলে এসব সড়কে যানবাহন ও মানুষের চাপ ক্রমেই বাড়ছে। ভবিষ্যতের বাড়তি চাপ বিবেচনায় নিয়ে এক্সপ্রেসওয়ের মহাপরিকল্পনায় মিরসরাই সদরের সংযোগ ও নিরাপদ চলাচলের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চূড়ান্ত নকশায় ফ্লাইওভার যুক্ত করার আশ্বাসস্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাই সদর প্রশাসনিক ও শিক্ষার কেন্দ্রবিন্দু হওয়ার পাশাপাশি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের প্রবেশদ্বার।
তিনি বলেন, এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনা রোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশায় মিরসরাই সদর অংশে ফ্লাইওভার, সার্ভিস রোড ও নিরাপদ পারাপারের ব্যবস্থা যুক্ত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে কথা বলবেন তিনি।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ‘৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি’, নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম), প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা ২৫ মিনিট; হালনাগাদ: সকাল ১০টা ৩৯ মিনিট।

প্রথম দর্পণ,ডেস্ক