মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ ও সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে একিউআর কার্যক্রম চলছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা ও টেকসই সংস্কারের জন্য প্রকৃত অবস্থা নিরূপণ অপরিহার্য। তাই খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক পরিবর্তনকে গত দুই বছরের কার্যক্রমের ফল হিসেবে দেখার সুযোগ নেই; বরং তা দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।
ডিসেম্বরের মধ্যে অগ্রগতির আশাবাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।
ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের পদক্ষেপও নেওয়া হয়েছে।
দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কারের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের আশা, চার বছরের সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ব্যাংক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি; আমার দেশ, ২৪ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক