সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শিগগিরই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেটি মঙ্গলবারও হতে পারে।
প্রস্তাব প্রকাশে বোর্ডের নিষেধাজ্ঞামালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় এখনই প্রস্তাব প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, চূড়ান্তভাবে সেটি মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
বোর্ডের চেয়ারম্যান জানান, ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের ছোট, মাঝারি ও বড় পোশাক কারখানা পরিদর্শন করা হয়েছে। বিশেষ করে ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কারখানাগুলো পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্ত বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে।
জীবনযাত্রার ব্যয় ও মালিকদের সক্ষমতা বিবেচনায়মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা, বাজারমূল্য, মালিকদের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বেআইনি বা অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হবে না। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় রেখেই বোর্ড কাজ করছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য নয়শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের কাছে যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
তিনি বলেন, দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের। এটি কোনো একক মালিক বা শ্রমিকের বিষয় নয়।
শ্রমিকদের উদ্দেশে বাবুল আখতার বলেন, উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।
শ্রমিকদের প্রস্তাব নিয়ে মালিকপক্ষের আপত্তিমালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন শ্রমিকপক্ষের প্রস্তাবকে অসংগত বলে ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’
বোর্ডে যারা আছেনসভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার সভায় অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক