ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বলে বিক্রি শুরু করেছে।
আজ রবিবার বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শাহ জামাল আকন্দ।
আওয়ামী লীগ নেতার মনোনয়ন উত্তোলনের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এর পর সিরাজগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ নেতা নাম শাহ জামাল আকন্দ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির মনোনয়ন ফরম পেলেন? এ ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সংশ্লিষ্টদের দল থেকে বহিষ্কারের দাবিও উঠেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সিরাজগঞ্জে বিএনপির কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি নেতাদের সড়ক-মহাসড়কে মিছিল করতে দেখা গেছে। অথচ একই সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনাও সামনে এসেছে।
তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙানোর মতো সাহস পাচ্ছেন। এতে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির কতিপয় নেতা আওয়ামী লীগের নেতাদের সুযোগ করে দিচ্ছেন। ফলে দলীয় আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
নাম পকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, শাহ জামাল আকন্দের বিএনপির মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এবিষয়ে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টুপা সরকার মন্তব্য জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। আমার প্রেশার বেড়েছে। বিশ্রামে আছি। কালকে জানাতে পারবো।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ফরম উত্তোলনের কমিটিতে আমি নাই। বিষয়টি আমার জানা নেই।

প্রথম দর্পণ,ডেস্ক