ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে, তাঁদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।
এর আগে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর নতুন সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনের সময় বাড়লেও ভর্তি পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক