সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর রায়পুর ঈদগাহ মাঠে ৫০তম বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, সমৃদ্ধ দেশ গঠনে যুবসমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ তরুণেরা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মাদকাসক্ত যুবসমাজ দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন করতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে নেশাগ্রস্ত তরুণদের ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে।
মাদক ও কিশোর গ্যাং দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানড. খন্দকার মারুফ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যুবসমাজকে ধ্বংস করতে দেশে মাদকদ্রব্য বৈধ পণ্যের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবসমাজের বড় একটি অংশ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিশোর গ্যাং।
তিনি বলেন, মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের রাহাজানি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে আসতে হবে।
মাদককে হারাম উল্লেখ করে তিনি বলেন, ৯১ শতাংশ মুসলমানের দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আশঙ্কাজনক বিস্তার উদ্বেগজনক। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম মাদক ও নেশাদ্রব্যকে হারাম করেছে। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে বস্তু বেশি পরিমাণে নেশা সৃষ্টি করে, তা অল্প পরিমাণে গ্রহণ করাও হারাম।
মাহফিলে উপস্থিত ছিলেন যারাঅনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জৈনপুরী দরবার শরিফের পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। সভাপতিত্ব করেন জৈনপুরী পীর মাওলানা নেহাল আহমাদ আতেকী। বিশেষ আলোচক ছিলেন জৈনপুরী পীর মাওলানা মো. আবদুল হাই আতেকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম।
এ ছাড়া বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, আরিফ মাহমুদ, রোমান খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাহফিল এন্তেজাম কমিটির সভাপতি কফিলউদ্দিন আহমেদ, সমাজসেবী মোবারক হোসেন সরকার ও রফিকুল ইসলাম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক