শীতকালে শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ, প্রতিরোধ এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন—এসব বিষয়ে কথা বলেছেন চিকিৎসক ডা. মো. মনির হোসেন।
শীতে শ্বাসতন্ত্রের রোগ বাড়ে কেন
ডা. মো. মনির হোসেন বলেন, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় শ্বাসতন্ত্রের বিভিন্ন ভাইরাসের সংক্রমণ ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি হয়। এ সময় মানুষ ঘরের ভেতর কাছাকাছি অবস্থান করায় একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে। ফলে সাধারণ সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি, সাইনোসাইটিস ও টনসিলাইটিসের মতো রোগের প্রকোপ বা তীব্রতা বাড়তে পারে।
হাঁপানি রোগীদের সতর্কতা
শীতকালে হাঁপানি রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। তাঁর মতে, ঠান্ডা বাতাসে বাইরে বের হলে মুখে মাস্ক বা মাফলার ব্যবহার করা উচিত। সব সময় ইনহেলার সঙ্গে রাখতে হবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রিভেন্টার ইনহেলার নিয়মিত ব্যবহার করতে হবে। ধুলাবালি, ধোঁয়া ও তীব্র সুগন্ধি এড়িয়ে চলার পাশাপাশি ঘর পরিষ্কার রাখা এবং কম্বল-বালিশ নিয়মিত রোদে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এ ছাড়া ফ্লু টিকা নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
শিশু ও বয়স্কদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস গুরুতর হয়ে উঠতে পারে। ডা. মনির হোসেন বলেন, শিশুদের শ্বাসনালি সরু এবং রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকায় সংক্রমণ দ্রুত জটিল আকার নিতে পারে। এতে শ্বাসকষ্ট, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এমনকি খিঁচুনিও হতে পারে।
অন্যদিকে, বয়স্কদের ডায়াবেটিস, হৃদ্রোগ বা সিওপিডি থাকলে নিউমোনিয়া মারাত্মক হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে হাসপাতালে ভর্তি, এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই শিশু বা বয়স্কদের জ্বর, কাশি কিংবা দ্রুত শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সর্দি-কাশি, ফ্লু ও নিউমোনিয়ার লক্ষণ
সাধারণ সর্দি-কাশিতে নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা, হালকা জ্বর ও কাশি থাকতে পারে। সাধারণত কয়েক দিনের মধ্যে এসব উপসর্গ কমে আসে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে হঠাৎ উচ্চ জ্বর, শরীর ও মাথাব্যথা, দুর্বলতা এবং শুকনো কাশি দেখা দিতে পারে।
অন্যদিকে, নিউমোনিয়ায় জ্বর, কফসহ কাশি, বুকে ব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট হতে পারে। গুরুতর অবস্থায় ঠোঁট বা মুখ নীলচে হয়ে যেতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, তিন দিনের বেশি জ্বর, কফের সঙ্গে রক্ত, ঠোঁট বা মুখ নীল হয়ে যাওয়া—এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। শিশুর বুক দেবে গেলে বা দ্রুত শ্বাস নিলে এবং বয়স্ক ব্যক্তি ঝিমিয়ে পড়লে কিংবা খেতে না পারলেও দেরি করা উচিত নয়।
দুই সপ্তাহের বেশি কাশি হলে পরীক্ষা জরুরি
দীর্ঘস্থায়ী কাশি, বুকে কফ জমা কিংবা শ্বাসকষ্টের সমস্যা অবহেলা করা ঠিক নয়। ডা. মনির হোসেন বলেন, দুই সপ্তাহের বেশি কাশি থাকলে এর কারণ খুঁজে দেখা প্রয়োজন। এমন কাশির পেছনে হাঁপানি, সিওপিডি, নিউমোনিয়া, যক্ষ্মা কিংবা ফুসফুসের ক্যানসার থাকতে পারে।
কাশির সঙ্গে রক্ত আসা, অকারণে ওজন কমে যাওয়া, রাতে অতিরিক্ত ঘাম, বারবার জ্বর এবং ক্রমবর্ধমান শ্বাসকষ্ট থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর অবস্থা বিবেচনায় বুকের এক্স-রে, কফ পরীক্ষা, স্পাইরোমেট্রি, রক্ত পরীক্ষা এবং প্রয়োজনে সিটি স্ক্যান করা হতে পারে।
ধূমপায়ী ও সিওপিডি রোগীদের বাড়তি সতর্কতা
শীতকালে সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঠান্ডা বাতাসে শ্বাসনালি সংকুচিত হতে পারে এবং কফের পরিমাণ বাড়তে পারে। ধূমপায়ীদের ফুসফুস আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকায় সংক্রমণে জটিলতার ঝুঁকিও বেশি।
এ ক্ষেত্রে ধূমপান সম্পূর্ণ বন্ধ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসক। পাশাপাশি ঠান্ডা বাতাস এড়িয়ে চলা, বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ইনহেলার ও অক্সিজেন ব্যবহার করতে হবে। ফ্লু ও নিউমোকক্কাল টিকা নেওয়ার বিষয়েও চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। কফের রঙ পরিবর্তন হলে বা শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কুয়াশা ও বায়ুদূষণেও বাড়ে শ্বাসতন্ত্রের সমস্যা
শীতের কুয়াশার সঙ্গে ধুলা ও ধোঁয়া মিশে স্মগ তৈরি হলে তা শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে অ্যাজমা ও সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। সুস্থ মানুষেরও দীর্ঘস্থায়ী কাশি ও গলায় খুসখুসে ভাব দেখা দিতে পারে।
চিকিৎসকের মতে, দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে সিওপিডি, ফুসফুসের ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের ঝুঁকি কমাতে ভোরের ঘন কুয়াশায় বাইরে হাঁটতে না যাওয়া, বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার এবং দূষণের মাত্রা বেশি থাকলে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
তথ্যসূত্র: ডা. মো. মনির হোসেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ: এন আই মানিক। ২৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক