দুই বছর পর মৌসুমের শুরুতেই জাবিতে ফিরল অতিথি পাখি, জলাশয়ে ৩৫০ পাখির বিচরণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ দুপুর
  • ৮৫১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শীতের আগমনী বার্তার সঙ্গে কুয়াশাচ্ছন্ন ভোরে পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের লেক ও জলাশয়গুলোতে ফিরতে শুরু করেছে শীতের অতিথি পাখি। দীর্ঘ দুই বছর পর এবার মৌসুমের শুরুতেই পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকায় পরিযায়ী পাখির উপস্থিতি দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হিসাবে, পরিবহন এলাকার জলাশয়ে ইতোমধ্যে প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে।

প্রতিদিন ভোরে কুয়াশার আবরণ ভেদ করে জলাশয়ের পানিতে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির হাঁস ও জলচর পাখি। কখনো দলবেঁধে ডানা মেলে উড়ছে, কখনো খাবারের সন্ধানে ডুব দিচ্ছে পানিতে। পাখির কলকাকলি আর জলাশয়কেন্দ্রিক এমন প্রাণবন্ত পরিবেশে শীতের সৌন্দর্য নতুন মাত্রা পেয়েছে ক্যাম্পাসে।

প্রতিবছর শীত মৌসুমে উত্তরের বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি এসে আশ্রয় নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে। সবুজে ঘেরা ক্যাম্পাসের বিস্তৃত লেকগুলো তাদের বিশ্রাম ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরি করে। তবে গত দুই বছর মৌসুমের শুরুর দিকে পাখির উপস্থিতি তুলনামূলক কম ছিল। এবার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগে আগেভাগেই পাখির ফিরে আসায় আশাবাদী হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, প্রশাসন ও বিগত জাকসুর সহযোগিতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে পরিবহন এলাকার জলাশয়ে এবার প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে। দীর্ঘ দুই বছর পর নভেম্বর মাসের শুরুতেই পাখি দেখতে পাওয়াকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন তারা।

এবার ক্যাম্পাসের বিভিন্ন জলাশয়ে পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরিসহ বিভিন্ন প্রজাতির জলচর পাখির দেখা মিলছে। পাশাপাশি কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির উপস্থিতিও প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকার লেক, ওয়াইল্ড রেসকিউ সেন্টার, রংপুকুর, প্রশাসনিক ভবনসংলগ্ন জলাশয়সহ বিভিন্ন স্থানে এসব পাখির বিচরণ দেখা যাচ্ছে। পাখিদের আগমন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, আলোকচিত্রী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। অনেকেই সকালে লেকপাড়ে গিয়ে পাখির বিচরণ উপভোগ করছেন এবং ছবি তুলছেন।

দীর্ঘদিন ধরে শীতকালীন অতিথি পাখির বিচরণের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘পাখিদের ক্যাম্পাস’ হিসেবে পরিচিতি পেয়েছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে ক্যাম্পাসে শীতের অতিথি পাখির আগমন মানুষের নজরে আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো পরিযায়ী পাখিদের পরিচিত বিচরণক্ষেত্রে পরিণত হয়।

তবে পাখির সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। জলাশয়ের আশপাশে অতিরিক্ত মানুষের উপস্থিতি, যানবাহনের চলাচল, উচ্চ শব্দ এবং রাতের বেলায় মানুষের আনাগোনা পাখিদের স্বাভাবিক বিচরণে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে বিশ্রামের সময় বিরক্ত বা আতঙ্কিত হলে পাখিরা জলাশয় ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।

শিক্ষার্থীদের মতে, শুধু জলাশয়ে পানি থাকলেই পাখির নিরাপদ আবাস নিশ্চিত হয় না; প্রয়োজন নিরুপদ্রব পরিবেশ। এ জন্য জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পাখিদের বিশ্রামের স্থান নিরাপদ রাখা, অপ্রয়োজনীয় মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ কমানো জরুরি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পরিযায়ী পাখির আগমন বন্ধ ছিল। পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের রংপুকুরেও পাখি এসেছে। পাখিদের নিরাপত্তার স্বার্থে ওই পুকুরের লিজ বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পুকুরে অতিথি পাখি আসে, সেসব এলাকায় উচ্চ শব্দে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতিথি পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

প্রকৃতিপ্রেমীদের প্রত্যাশা, প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আরও সমৃদ্ধ হবে। শীতের পুরো মৌসুমজুড়ে পাখির কলকাকলিতে মুখর থাকবে প্রাকৃতিক সৌন্দর্যের এই ক্যাম্পাস।

তথ্যসূত্র: ; বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলামের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad