গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ দুপুর
  • ৬২৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়ন কিংবা নতুন করে পানি বণ্টনের শর্ত নির্ধারণ নিয়ে দুই দেশের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নবায়ন বা নতুন চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ এবং বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। বৈঠকে ২০২৬ সালের গঙ্গা চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়। তবে চুক্তির নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠকে বলা হয়, নবায়ন বা মেয়াদ বাড়ানোর মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়া কারিগরি কমিটির এখতিয়ারভুক্ত নয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

ফারাক্কা ঘিরে বিরোধের সূত্রপাত

গঙ্গার পানি বণ্টন নিয়ে দুই দেশের বিরোধের সূত্রপাত ১৯৫০-এর দশকে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বাঁধটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে। ১৯৭৫ সালে নির্মাণ শেষ হওয়ার পর কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করতে শুরু করে ভারত।

বাঁধ নির্মাণের সময় থেকেই এ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছিল। ১৯৭৬ সালে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ ছিল, বাঁধের কারণে পদ্মায় পানিপ্রবাহ কমে বাংলাদেশে নদী শুকিয়ে যাওয়া ও মরুকরণের ঝুঁকি তৈরি হচ্ছে।

১৯৭৭, ১৯৮২ ও ১৯৮৫ সালে কয়েকটি অন্তর্বর্তী পানি বণ্টন চুক্তি হলেও স্থায়ী সমাধান আসেনি। অবশেষে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে জানুয়ারি থেকে মে—শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ ভাগাভাগির কাঠামো নির্ধারণ করা হয়। চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য গঠন করা হয় যৌথ কমিটি।

কীভাবে পানি ভাগ হয়

১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে চুক্তিতে তিন স্তরের পানি বণ্টনব্যবস্থা রাখা হয়। ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার নিচে নেমে এলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেয়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক, অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক, বাকিটা বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি ১০ দিনভিত্তিক পর্যায়ে পালাক্রমে দুই দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করার স্থায়ী বিধান নেই।

জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের ব্যবস্থাও রয়েছে। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদের তৃতীয় উপধারা অনুযায়ী, যেকোনো ১০ দিন মেয়াদে ফারাক্কায় পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই সরকার জরুরি ভিত্তিতে আলোচনা করে সমন্বয়ের উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

পানি বণ্টন নিয়ে বিরোধ দেখা দিলে প্রথমে যৌথ কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করার বিধান রয়েছে। সেখানে সমাধান না হলে বিষয়টি যৌথ নদী কমিশনে পাঠানোর কথা। ১৯৭২ সালে গঠিত কমিশন দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তবে আনুষ্ঠানিক চুক্তির আওতায় রয়েছে শুধু গঙ্গা।

নবায়ন নিয়ে মতপার্থক্য

দুই দেশের জনসংখ্যা বৃদ্ধি, পানির চাহিদা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় ১৯৯৬ সালের চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ শেষে নবায়নের সুযোগ রয়েছে। তবে দুই দেশই শর্তগুলো নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছে।

গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে অতিরিক্ত ৩০ হাজার থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাইতে পারে। নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল।

অন্যদিকে, যৌথ নদী কমিশনের এক বৈঠকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৪০ হাজার কিউসেক পানি নিশ্চিত করার দাবি জানিয়েছিল বলে পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি চুক্তির মেয়াদ দীর্ঘ করা এবং বন্যার তথ্য আদান-প্রদান বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের অন্যতম দাবি হলো, চুক্তিতে পানির ন্যূনতম নিশ্চয়তা পুনর্বহাল করা। ১৯৭৭ সালের অন্তর্বর্তী চুক্তিতে এ ধরনের বিধান ছিল। ওই চুক্তি অনুযায়ী, পানির প্রকৃত প্রাপ্যতা কম হলেও শুষ্ক মৌসুমের নির্দিষ্ট সময়ে বাংলাদেশ তার বরাদ্দের অন্তত ৮০ শতাংশ পাওয়ার নিশ্চয়তা পেত।

তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের নিশ্চয়তার বিরোধিতা রয়েছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রধান নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রকৃত প্রবাহ যা-ই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা উজানের দেশের ওপর অসম ঝুঁকি তৈরি করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে পানির সংকট দেখা দিলে এতে ভারতের ওপর তুলনামূলক বেশি চাপ পড়তে পারে।

রাজনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নির্বাচনে বড় জয়ের পর নতুন সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টি থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনও অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এ বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলেছে। তারেক রহমানের ২০২৬ সালের আগস্টে প্রস্তাবিত ভারত সফরও আর এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের অভ্যন্তরেও চুক্তি নবায়ন নিয়ে আপত্তি রয়েছে। বিহারে বিজেপির মিত্র জনতা দল (ইউনাইটেড) চুক্তির বিরোধিতা করে বলেছে, এটি রাজ্যের স্বার্থের পরিপন্থী। গত আগস্টে দলটি চুক্তি নবায়নের বিরুদ্ধে অবস্থান নেয়।

এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ভারতের এ পদক্ষেপও বাংলাদেশের মধ্যে পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সতর্কতা তৈরি করেছে।

নতুন চুক্তিতে কী থাকতে পারে

বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তি কেবল ১৯৯৬ সালের সমঝোতা নবায়নের বিষয় নয়; পরিবর্তিত বাস্তবতা, পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় পানি ব্যবস্থাপনার নতুন কাঠামো তৈরির সুযোগও হতে পারে।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান নির্বাহী শ্রীনিবাস চক্কাকুলার মতে, নতুন চুক্তির জন্য দুই দেশকে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিষ্ঠানগুলো পর্যালোচনা করতে হবে। পানি বণ্টনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ, বিরোধ নিষ্পত্তি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ১৯৯৬ সালের চুক্তি যে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্ভব হয়েছিল, নতুন সমঝোতার জন্যও সেই আস্থা পুনর্গঠন জরুরি।

আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা নতুন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ। গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের কৃষি, পরিবেশ, জীবিকা ও নদী ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ২৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad