মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মামদানি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত বিল আনার পরিকল্পনাকে স্বাগত জানান। তবে তিনি এ উদ্যোগকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে ডেমোক্রেটিক পার্টির প্রতি আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মামদানি বলেন, যেসব ইসরাইলি বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছেন, তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এর চেয়েও সামনে এগোতে হবে। বিভিন্ন মার্কিন প্রশাসনের অধীনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করে আসছে। এখন এই বাস্তবতা মোকাবিলা করে ভিন্ন পথে হাঁটার সময় এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনি জানিয়েছেন, নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর প্রথম ১০০ দিনের মধ্যেই ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল উত্থাপন করবেন।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনা এবং ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও দলটির মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মামদানির এই বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক