বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ নিয়ে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আসিব-আসিব বলে কতদিন পার হবে, জানি না। কখনো বলা হচ্ছে নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার বলা হচ্ছে ১৬ তারিখ। এসব বিষয়ে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।’
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনও নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা বিষয়টি আইন অনুযায়ী পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নজরদারি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে ষড়যন্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁরা ষড়যন্ত্রে জড়িত। এসব কর্মকর্তা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতের
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, যা শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। সে ক্ষেত্রে দলটিকে স্থায়ীভাবে অথবা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিধান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক