এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার ক্ষেত্রে আর কোনো দুর্নীতি চলবে না, দেশে নকলও বরদাশত করা হবে না। যেসব শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাঁদের দায়িত্ব পালনে অবহেলা করে যখন-তখন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া উচিত নয়।
প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ প্রসঙ্গশিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। তাঁর ভাষ্য, পরীক্ষায় ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। পাবলিক পরীক্ষায় এবার এসএসসি ও এইচএসসির প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়নি বলেও দাবি করেন তিনি। আগামী দিনেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের জন্য সাইকেল, কম্পিউটার ও নতুন পোশাকশিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ সাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। সারা দেশের মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।
আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সা ব্যয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়া হবে এবং বৃত্তির অর্থ বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণানাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, তারা ভবনসহ কোনো সুযোগ-সুবিধা পাবে না বলে জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক।
এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষায় যথাযথ উত্তর না লিখেও জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত বলে তিনি মনে করেন। তাঁর দাবি, বর্তমান সময়ে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও ভালোভাবে পড়াশোনা করা শিক্ষার্থীরা এগিয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক