বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর।
ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি
আদালতের নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে মদ্যপ অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি ২৬ বছর বয়সি এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে ওই স্পর্শের ঘটনা ঘটে।
আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো জানান, এ ঘটনায় বিমানবালা ভীত ও ক্ষুব্ধ হয়ে ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে তিনি কোনো জবাব না দিয়ে বিমানবালার দিকে তাকিয়ে হাসেন।
পরে ওই বিমানবালা তাঁর এক সহকর্মীকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। ফ্লাইটটি ওই দিন সকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ায় দ্বিতীয় অভিযোগ
প্রথম ঘটনায় ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর গত অক্টোবরে আবারও গ্রেফতার হন ইয়ামিন।
আদালতের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন। তাঁর নাক দিয়েও রক্ত ঝরছিল।
পরে প্যারামেডিকরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এ সময় তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।
এ ঘটনায় সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। বিমানে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি এ অভিযোগেও দোষ স্বীকার করেন ইয়ামিন।
পৃথক দুই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাঁকে মোট চার মাসের কারাদণ্ড দেন।
তথ্যসূত্র: সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস , ২৬ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক