বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর।
২৭ বছর বয়সি জেনিফার বারেটো এবারের মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়ে নিজ দেশের জন্য ইতিহাস গড়েছেন। বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পাশাপাশি প্রতিযোগিতার মঞ্চে তাঁর ব্যক্তিত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং নারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যও আলোচনায় এসেছে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল না জেনিফারের। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এই সুন্দরী।
পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকারদের পাশে
২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করেছেন তিনি। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার শুরুতে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই মঞ্চে নিজের কঠোর পরিশ্রম ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন চান তিনি। প্রতিযোগিতাজুড়ে নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থন পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেতৃত্ব নিয়ে মতামত
মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নেতৃত্বের ভূমিকা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন জেনিফার।
তিনি বলেন, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের মানবিক মূল্যবোধ ও স্বতন্ত্র চিন্তাশক্তির জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেতৃত্বের বিষয়ে তাঁর বক্তব্য, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে সে অনুযায়ী কাজ করতে পারলেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।
দুই দশক পর পুয়ের্তো রিকোর ঘরে ষষ্ঠ মুকুট
পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসর। এ প্রতিযোগিতায় জেনিফারের বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।
এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা দেশটির হয়ে এই খেতাব অর্জন করেন।
সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের পাশাপাশি সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং নারীর আত্মবিশ্বাস নিয়ে জেনিফার বারেটোর বক্তব্য তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স