দীপিকার আট ঘণ্টার শিফটের পক্ষে করণ, বললেন—‘এটা তাঁর অধিকার’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ দুপুর
  • ১১২৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কর্মঘণ্টা নির্ধারণের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তাঁর মতে, কাজের সময় নির্ধারণের স্বাধীনতা নারী ও পুরুষ—উভয় তারকারই থাকা উচিত। এ ক্ষেত্রে দীপিকার সিদ্ধান্তকে অযথা বিতর্কিত করার কোনো কারণ নেই।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষান। অনুষ্ঠানটির প্রকাশিত একটি ঝলকে চলচ্চিত্রশিল্পে কাজের সময়, পেশাদারত্ব ও অক্ষয় কুমারের কর্মনিষ্ঠা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

আলোচনার একপর্যায়ে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে করণ জোহর বলেন, তিনি সব সময় দীপিকার সিদ্ধান্তকে সমর্থন করেন। একজন অভিনেত্রী হিসেবে কাজের সময় নির্ধারণের অধিকার তাঁর রয়েছে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি সেই অধিকার অর্জন করেছেন।

করণ বলেন, দীপিকা একজন মা, স্ত্রী এবং পেশাদার নারী। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের বিষয়টিও তাঁকে বিবেচনায় রাখতে হয়। তাই তাঁর নির্ধারিত কর্মঘণ্টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, তা তিনি বুঝতে পারেন না।

একই অনুষ্ঠানে অক্ষয় কুমারের কর্মনিষ্ঠারও প্রশংসা করেন করণ। অক্ষয়ের সঙ্গে প্রথম চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অভিনেতাকে শুরু থেকেই অত্যন্ত পরিশ্রমী হিসেবে দেখেছেন। ভোর ৫টায় বৈঠকে অংশ নেওয়া, চিত্রনাট্য মুখস্থ করা এবং পরিচালকদের সহযোগিতা করার মতো বিষয়গুলোতে অক্ষয়ের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে।

করণ আরও বলেন, অক্ষয় প্রযোজকদের বিষয়েও সচেতন। পাশাপাশি নতুন পরিচালকদের কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে এ অবদানের জন্য তিনি যথাযথ স্বীকৃতি পান না বলেও মন্তব্য করেন নির্মাতা।

কাজের সময় নির্ধারণের ক্ষেত্রে নারী ও পুরুষ তারকাদের মধ্যে বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে করণ বলেন, পুরুষ তারকারা যেভাবে নিজেদের কর্মঘণ্টা নির্ধারণের সুযোগ পান, নারী তারকাদেরও একই স্বাধীনতা থাকা প্রয়োজন।

তাঁর মতে, দীপিকা কিংবা অক্ষয়ের মতো তারকারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে চাইলে তাতে আপত্তির কারণ নেই। সৃজনশীলতার সঙ্গে আপস না করে পরিকল্পিতভাবে শুটিং পরিচালনা করা সম্ভব হলে তা শিল্পী, পরিচালক ও প্রযোজক—সবার জন্যই ইতিবাচক হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad