বিমানে বিমানবালাকে যৌন হয়রানি, পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির ৪ মাসের কারাদণ্ড

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ১০৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিঙ্গাপুরে উড়োজাহাজের ভেতরে এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারার ঘটনায় খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামে এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পৃথক দুটি অভিযোগে দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর ২৩ বছর বয়সী এই বাংলাদেশিকে এ সাজা দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় যাত্রা করছিলেন ইয়ামিন। ওই দিন ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এ অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটে।

আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো জানান, এ ঘটনায় বিমানবালাটি ভীত ও ক্ষুব্ধ হয়ে ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। কিন্তু ইয়ামিন কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন। পরে ওই বিমানবালা সহকর্মীকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি ওই দিন সকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

তবে ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর একই বছরের অক্টোবরে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

আদালতের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় ইয়ামিনকে মাতাল অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত স্থাপনার পাশে হেলান দিয়ে বসে ছিলেন। তার নাক দিয়ে রক্তও ঝরছিল।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় ইয়ামিন আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারেন। এ ঘটনায় সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

বিমানে বিমানবালাকে যৌন হয়রানি এবং পুলিশ সদস্যের ওপর হামলার পৃথক দুই অভিযোগেই দোষ স্বীকার করেন ইয়ামিন। পরে আদালত তাকে মোট চার মাসের কারাদণ্ড দেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad