বুধবার (২৫ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই অফিসের ভেতরে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয়দের দাবি, ভূমি অফিসের পেছনের দিকের জানালার কাচ ভেঙে পেট্রোল ও মবিল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বিশেষ করে জমির মালিকানা, খতিয়ান ও অন্যান্য ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব নথির বিকল্প ব্যবস্থা কীভাবে করা হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে সংগ্রহ করবেন, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক