গোপালগঞ্জে বিকাশ-রকেটসহ মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ দুপুর
  • ৯৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গোপালগঞ্জে বিকাশ, রকেটসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার রাত থেকে এসব সেবায় টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ। একই সঙ্গে গ্রাহক কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ব্যবসায়ীরাও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকার মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে টাকা তুলতে ও পাঠাতে আসা গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পেরে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

শহরের বাসিন্দা আরিফুল জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে প্রায় সাত হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় প্রয়োজনীয় টাকা পাচ্ছেন না তিনি।

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস বলেন, ঢাকায় পড়াশোনা করা ছেলের মেসের খরচ পাঠাতে গিয়ে লেনদেন বন্ধের বার্তা পেয়েছেন। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে লেনদেন বন্ধ থাকায় আয় কমেছে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ব্যবসায়ীদের। বিকাশের এক এজেন্ট জানান, জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকদের উপস্থিতি কমে গেছে। একইভাবে নগদ, রকেট ও উপায় সেবার কিছু অ্যাকাউন্টেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে তারা কোনো সরকারি বা অফিসিয়াল সিদ্ধান্ত পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে।

এদিকে হঠাৎ করে মোবাইল ব্যাংকিং সেবায় এ ধরনের বিঘ্নের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad