২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শন টেইট। চলতি বছরের জুনে পারিবারিক কারণ দেখিয়ে তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি।
লাহোর কালান্দার্সের সঙ্গে অবশ্য টেইটের সম্পর্ক নতুন নয়। গায়ানায় অনুষ্ঠিত সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দলটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই আসরে তাঁর কোচিং দক্ষতা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে পেসারদের পারফরম্যান্স উন্নয়নে ভূমিকা ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তাদের নজর কাড়ে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত ছিলেন শন টেইট। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন এই সাবেক পেসার।
পাকিস্তানের ক্রিকেট ও স্থানীয় কন্ডিশন সম্পর্কেও তাঁর রয়েছে পূর্ব অভিজ্ঞতা। পিএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। এ সময় শাহিন শাহ আফ্রিদিসহ দেশটির বেশ কয়েকজন প্রতিভাবান পেসারের সঙ্গে কাজ করার সুযোগ পান।
লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। তিনি জানান, গ্লোবাল সুপার লিগে কাজ করার সময়ই দলটির পরিবেশ, সংস্কৃতি ও মালিক সামিন রানার চিন্তাভাবনার সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গির মিল খুঁজে পেয়েছিলেন। ফলে নতুন দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিতে তাঁকে বেশি সময় ভাবতে হয়নি।
টেইটের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানাও। তাঁর মতে, দলটির সংস্কৃতি, খেলোয়াড় এবং সমর্থকদের আবেগ সম্পর্কে টেইটের ভালো ধারণা রয়েছে। তাঁর অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা আগামী আসরে দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমের অভিজ্ঞতার পর এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন শন টেইট। লাহোর কালান্দার্সের হয়ে তাঁর মূল লক্ষ্য পিএসএলের ১২তম আসরে দলকে শিরোপা জয়ের পথে এগিয়ে নেওয়া।

প্রথম দর্পণ,ডেস্ক