মজুরি ঘোষণার পরও শান্ত হয়নি গাজীপুরের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ-ভাঙচুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ দুপুর
  • ১১৮০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও শ্রমিক অসন্তোষের অবসান হয়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পাশাপাশি শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩২টি কারখানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোর এলাকার একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাঁদের বিক্ষোভ ও মহাসড়কে অবস্থানের কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, শ্রমিকদের সঙ্গে আরও কিছু তরুণ আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালান। এ সময় শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ওই পুলিশ সদস্য কোনোরকমে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এ ছাড়া নাওজোর, ভোগরা ও সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২টি কারখানা।

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল ও কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad