বরিশালে জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’, বিচার দাবি ছাত্র-জনতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ দুপুর
  • ৯৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির নামফলক পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ লিখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার টাঙিয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বাড়ির মূল ফটকে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক স্থাপন করেন। একই সঙ্গে বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে দেন।

কর্মসূচি চলাকালে বাড়ির সামনে উপস্থিত ছিলেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। কী অপরাধে তাঁদের তুলে নেওয়া হয়েছিল এবং তাঁদের পরিণতি কী হয়েছে, সেই প্রশ্নের উত্তর চান তিনি। একই সঙ্গে সন্তানদের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এই মা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তিনি জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

বিক্ষোভকারীরা বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত একটি ব্যানারও টাঙান। এ সময় জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

আদালতে যেসব অভিযোগ

প্রসিকিউশনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত বলে দাবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করতে মরদেহের পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করা এবং সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের বিবরণ আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad