বাদীপক্ষের আইনজীবীদের আশঙ্কা, এভাবে বিচারপ্রক্রিয়া চলতে থাকলে মামলা নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
যেভাবে হত্যা করা হয় আলিফকে২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়া ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মেথরপট্টি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আরও একজনকে আসামি করা হয়। মামলার ৩৯ আসামির মধ্যে চিন্ময় কৃষ্ণ দাশসহ ২৭ জন কারাগারে এবং ১২ জন পলাতক রয়েছেন। ২০২৫ সালের ১৯ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিমামলার বাদীপক্ষের আইনজীবী ও আলিফের বন্ধু রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলাটি বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে মামলা স্থানান্তর করা যাচ্ছে না।
তিনি জানান, বাদী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আবেদন করলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এ পর্যন্ত চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও তাঁদের জেরা শেষ হয়নি। বাকি ৪৫ জনের সাক্ষ্য ও জেরা, যুক্তিতর্ক এবং রায় এখনো বাকি। চিন্ময় দাশের পক্ষের আইনজীবীরা একের পর এক সময়ের আবেদন করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন বলেও অভিযোগ করেন তিনি।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছেলের বিচার দেখে যেতে চান বাবাআলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন বলেন, জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে চান তিনি। তাঁর আর কোনো চাওয়া নেই।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আজাদ বলেন, দুই বছরেও মামলার বিচারপ্রক্রিয়া আশানুরূপ এগোয়নি। দীর্ঘ বিরতিতে শুনানি হচ্ছে। দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চান তাঁরা।
বিচার দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভআলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম।
অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির অডিটরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় আলিফ হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
তথ্যসূত্র: মামলার বাদীপক্ষের আইনজীবী, বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্যের ভিত্তিতে।

প্রথম দর্পণ,ডেস্ক