ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে এবং ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশের আয়োজন করতে যাচ্ছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ কর্মসূচির কথা জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের যেকোনো সমস্যায় জামায়াতে ইসলামী পাশে থাকবে। গত জাতীয় নির্বাচনে দলটির প্রতি জনগণ যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করা হবে।
থানা আমির নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার।
সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের দোসররা দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চালিয়ে পার পেয়ে যাবে—এ ধারণা ভুল। দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ রেখে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। কোনো অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
ঢাকার নাগরিক সমস্যা সমাধানের বিষয়ে সেলিম উদ্দিন বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে ঢাকাকে বদলে দিতে চান তাঁরা। ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের অ্যাপটির সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নাগরিক ভোগান্তি কমিয়ে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা মানুষকে উৎকণ্ঠায় ফেলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নিতে হবে।
গণভোটে জনগণের দেওয়া রায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়। গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই সংকট উত্তরণের পথ তৈরি হতে পারে।
সমাবেশে ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় নাগরিক সমাবেশ সফল করা, গণসংযোগ বাড়ানো এবং নগরবাসীর সমস্যা সমাধানে করণীয়সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে আদাবর থানা আমির মো. আল আমীন সবুজের সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রথম দর্পণ,ডেস্ক