ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারের দেওয়া একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর বাসভবনের সুনির্দিষ্ট ঠিকানা কিংবা অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ভারতের উত্তর প্রদেশের হিনডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরে তাঁকে নয়াদিল্লিতে নেওয়া হয়। একই বছরের অক্টোবর মাসে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, তিনি লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারের বরাদ্দ করা একটি বাংলোতে অবস্থান করছেন।
নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো এলাকা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত আবাসিক অঞ্চল। সেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
শেখ হাসিনার নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং সাদা পোশাকে নিরাপত্তা সদস্যদের নজরদারির কথাও বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ভারতে অবস্থান করেও বিভিন্ন সাক্ষাৎকার, বিবৃতি ও অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বাংলাদেশের আদালতে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্গঠনে ভূমিকা রাখার ইচ্ছার কথাও জানান।
এর আগে ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত হন।
অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আহ্বান জানিয়ে আসছে ঢাকা। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি।
সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা—এমন খবরও প্রকাশিত হয়েছে। তাঁর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে মৃত্যুদণ্ডের রায়, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্মত, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক