বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মজি ফকির রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া মজি ফকিরপাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির মালিক হিসেবে পরিচিত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রোজি সর্দারানির পরিচয় হয়। একপর্যায়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ওই তরুণীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজি। ওই দিন রাত সোয়া ১০টার দিকে যৌনপল্লীর পেছনের গেট দিয়ে তাঁকে মজি ফকিরের বাড়িতে নেওয়া হয়। সেখানে রোজি ও মজি ফকির ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করেন।
মামলার বিবরণে আরও বলা হয়, প্রায় এক মাস পর ভুক্তভোগী তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকৃতি জানালে ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত তাঁকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করেন আসামিরা। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে তাঁর চিৎকার শুনে যৌনপল্লীতে কর্মরত একটি এনজিওর কর্মীরা এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে মামলায় মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।
রায় ঘোষণার পর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহিদ উদ্দিন মোল্লা বলেন, রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে ওই তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার করেন। সেখানে তাঁকে মারধর করে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এসব অপরাধের দায়ে আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক