বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি বাণিজ্যিক সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতে গম এবং সার সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত চুক্তি ও দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বৃত্তি ও একাডেমিক বিনিময় কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় রাশিয়া। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে মস্কো আগ্রহী।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক