রেড ক্রিসেন্টের নির্বাচন ১৫ দিনের মধ্যে, পুরোনো কমিশন বহাল রাখার নির্দেশ হাইকোর্টের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ দুপুর
  • ৯৭০০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনেই এ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের গত ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করা হয়েছিল।

এ ছাড়া পুরোনো নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একই সঙ্গে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

নির্বাচন নিয়ে আইনি জটিলতা

আদালতের আদেশের বিবরণ অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্তে গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই সোসাইটির চেয়ারম্যান নির্বাচন বাতিল করেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হলে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে সোসাইটির চেয়ারম্যান ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। পরবর্তী এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময়সীমা ২৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়। সময় বাড়ানোর আরেকটি আবেদন ২ নভেম্বর আপিল বিভাগ খারিজ করে দেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারে নির্বাচন আয়োজনের পরিবর্তে আগের নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন এবং নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। আদালত এ পদক্ষেপকে সর্বোচ্চ আদালতের আদেশ ব্যাহত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির রিট আবেদনটি দায়ের করেন। তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী। বিবাদীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানান, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদনও করা হয়েছে।

তথ্যসূত্র: হাইকোর্টের আদেশ ও রিট আবেদনকারীর আইনজীবীর বক্তব্য ২৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad