হাসিমুখে সাক্ষাৎ, সুন্দর কথা ও সহমর্মিতাও সদকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ বিকাল
  • ৩৫৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামে সদকা বলতে শুধু অর্থ-সম্পদ দান করাকেই বোঝায় না। মানুষের প্রতি আন্তরিক আচরণ, সুন্দর কথা, একটুখানি হাসি কিংবা বিপদে কারও পাশে দাঁড়ানোও সদকার অন্তর্ভুক্ত। এমনকি নিজের সামর্থ্য না থাকলেও ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সদকার সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ ও রাসুলুল্লাহ (সা.)।

সাধারণত সদকার কথা শুনলে মানুষের মনে অর্থ, খাদ্য কিংবা পোশাক দানের বিষয়টি ভেসে ওঠে। কিন্তু ইসলামের দৃষ্টিতে কল্যাণকর প্রতিটি কাজই সদকা। তাই কারও মন ভালো করে দেওয়া, হতাশ মানুষকে সাহস জোগানো কিংবা আন্তরিক হাসিতে কাউকে স্বাগত জানানোর মধ্যেও রয়েছে ইবাদতের সুযোগ।

প্রতিটি ভালো কাজই সদকা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (সহিহ বুখারি, হাদিস ৬০২১; সহিহ মুসলিম, হাদিস ১০০৫)।

এই শিক্ষা থেকে বোঝা যায়, সদকা করার জন্য বিত্তশালী হওয়া জরুরি নয়। মানুষের উপকারে আসে—এমন যেকোনো ভালো কাজই সদকার মর্যাদা পেতে পারে। সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা কিংবা সুন্দর আচরণের মাধ্যমেও কল্যাণ অর্জন সম্ভব।

হাসিমুখে সাক্ষাৎ করাও সদকা

মানুষের সঙ্গে দেখা হলে আন্তরিক হাসি সম্পর্কের দূরত্ব কমিয়ে দেয়। কারও ক্লান্তি কিংবা মন খারাপের মুহূর্তে একটি আন্তরিক হাসি তাকে স্বস্তি দিতে পারে। ইসলামে এই সাধারণ আচরণকেও সদকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও তোমার জন্য সদকা।’ (জামে তিরমিজি, হাদিস ১৯৫৬)।

অন্য এক হাদিসে তিনি বলেছেন, ‘কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না; এমনকি তোমার ভাইয়ের সঙ্গে প্রসন্ন চেহারায় সাক্ষাৎ করাকেও নয়।’ (সহিহ মুসলিম, হাদিস ২৬২৬)।

সুন্দর কথাও সদকার অন্তর্ভুক্ত

মানুষের মুখের কথা কখনো কাউকে কষ্ট দেয়, আবার কখনো হতাশার মধ্যে আশার আলো জ্বালায়। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহস দেওয়া, কাউকে উৎসাহিত করা কিংবা ভুল করলে অপমান না করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াও উত্তম আচরণের পরিচয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুন্দর কথা সদকা।’ (সহিহ বুখারি, হাদিস ২৯৮৯; সহিহ মুসলিম, হাদিস ১০০৯)।

পবিত্র কোরআনেও সুন্দর কথা ও ক্ষমার গুরুত্ব তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘সুন্দর কথা ও ক্ষমা সেই সদকার চেয়ে উত্তম, যার পর কষ্ট দেওয়া হয়।’ (সুরা আল-বাকারা, আয়াত ২৬৩)।

অর্থাৎ কাউকে দান করে পরে অপমান বা কষ্ট দেওয়ার চেয়ে সম্মানজনক আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অন্যের কষ্ট দূর করাও ইবাদত

মানুষের জীবনে নানা ধরনের দুঃখ, হতাশা ও সংকট থাকে। কারও কথা মনোযোগ দিয়ে শোনা, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া কিংবা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯)।

এ হাদিস থেকে স্পষ্ট হয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি মাধ্যম।

অর্থ না থাকলেও সদকার সুযোগ রয়েছে

যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্যও সদকার দরজা খোলা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও অর্ধেক খেজুর দান করার মাধ্যমে হয়। যদি তাও না পাও, তাহলে ভালো কথার মাধ্যমে।’ (সহিহ বুখারি, হাদিস ১৪১৭; সহিহ মুসলিম, হাদিস ১০১৬)।

অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করার জন্য অর্থ-সম্পদের অপেক্ষায় থাকতে হয় না। আন্তরিকতা, সহমর্মিতা ও সুন্দর আচরণ দিয়েও সদকার সওয়াব অর্জন করা সম্ভব।

নিয়ত হতে হবে আন্তরিক ও কল্যাণকর

তবে কারও মন ভালো করার নামে মিথ্যা আশ্বাস দেওয়া, অন্যায়কে সমর্থন করা কিংবা প্রতারণার আশ্রয় নেওয়া ইসলামের শিক্ষা নয়। সদকার ক্ষেত্রে নিয়তের পাশাপাশি কাজটির কল্যাণকর ও ন্যায়সংগত হওয়াও গুরুত্বপূর্ণ।

তাই প্রতিদিনের জীবনে মানুষের সঙ্গে সুন্দর আচরণ, হাসিমুখে কথা বলা, বিপদে সহযোগিতা করা এবং কারও কষ্টের কারণ না হওয়ার চেষ্টা করা উচিত। আমাদের একটি আন্তরিক হাসি, সহানুভূতিশীল কথা কিংবা সামান্য সহযোগিতা হয়তো কারও কঠিন সময়কে সহজ করে দিতে পারে।

ইসলামের এই শিক্ষা মনে করিয়ে দেয়, সদকার জন্য বড় সম্পদের প্রয়োজন নেই; প্রয়োজন একটি উদার হৃদয়, আন্তরিক নিয়ত এবং মানুষের প্রতি ভালোবাসা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad