বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় আলো-বাতাসের সংস্পর্শ থেকে দূরে থাকলে পোশাকে ধুলাবালি, আর্দ্রতা, ছত্রাক এবং হাউজ ডাস্ট মাইটের মতো অতি ক্ষুদ্র জীব জমতে পারে। বিশেষ করে উলের সোয়েটার, চাদর, জ্যাকেট ও ব্লেজারের মতো ভারী পোশাকে এসব অ্যালার্জেন জমার আশঙ্কা থাকে। ফলে ব্যবহারের সময় শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি ও স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে।
শ্বাসকষ্ট ও অ্যালার্জির ঝুঁকি
দীর্ঘদিন আলমারি বা ট্রাংকে রাখা পোশাকে জমে থাকা ধুলাবালি ও হাউজ ডাস্ট মাইটের ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। এসব কণা অ্যালার্জেন হিসেবে কাজ করে শ্বাসনালিতে প্রদাহ ও সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে। এর ফলে অ্যাজমা, শ্বাসকষ্ট ও অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
বিশেষ করে যাদের আগে থেকেই হাঁপানি, শ্বাসকষ্ট কিংবা ধুলাবালিতে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি। শিশু ও বয়স্কদেরও এ বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
ছত্রাক সংক্রমণ ও ত্বকের সমস্যা
বদ্ধ ও আর্দ্র পরিবেশে দীর্ঘদিন পড়ে থাকা পোশাকে ছত্রাক জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি হয়। এসব পোশাক সরাসরি শরীরে ব্যবহার করলে ত্বকে চুলকানি, র্যাশ ও ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিতে পারে। পাশাপাশি পোশাকে জমে থাকা আর্দ্রতা, ধুলাবালি ও বদ্ধ গন্ধ পরিধানের সময় অস্বস্তি তৈরি করে।
যেভাবে পরিষ্কার করবেন পুরোনো শীতের পোশাক
শীতের পোশাক ব্যবহারের আগে যেসব কাপড় ধোয়া সম্ভব, সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর চার থেকে পাঁচ ঘণ্টা রোদে শুকিয়ে নেওয়া যেতে পারে। এতে পোশাকের জমে থাকা ধুলাবালি, ময়লা ও অ্যালার্জেন দূর হওয়ার পাশাপাশি আর্দ্রতাও কমে আসে।
অন্যদিকে ব্লেজার কিংবা ভারী শীতের পোশাক, যেগুলো সাধারণভাবে ধোয়া যায় না, সেগুলো সরাসরি ব্যবহার না করে কড়া রোদে চার থেকে পাঁচ ঘণ্টা রেখে শুকিয়ে নিতে হবে। এ সময় পোশাকগুলো কয়েকবার উল্টেপাল্টে দিতে হবে, যাতে কাপড়ের বিভিন্ন অংশে রোদ ও বাতাস লাগে। এতে জমে থাকা আর্দ্রতা ও বদ্ধভাব দূর হতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, শীতের পোশাক ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে। শুধু রোদে শুকানো নয়, কাপড়ের ধরন অনুযায়ী পরিষ্কার করাও জরুরি। পোশাকে দৃশ্যমান ছত্রাক, স্যাঁতসেঁতে ভাব বা দুর্গন্ধ থাকলে যথাযথভাবে পরিষ্কার না করে ব্যবহার করা উচিত নয়।
বিশেষ করে শিশু ও বয়স্কদের পোশাক ব্যবহারের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ তাদের ত্বক ও শ্বাসতন্ত্রের সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরোনো শীতের কাপড় পরিষ্কার ও সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি।

প্রথম দর্পণ,ডেস্ক