উপজেলার রায়পুর ইউনিয়নে অবস্থিত দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসায় চলতি বছর আলিম শ্রেণিতে ২৭ শিক্ষার্থী ভর্তি হন। তাঁদের মধ্যে ১০ জন পরীক্ষার জন্য নিবন্ধন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন আটজন। প্রকাশিত ফলাফলে তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বড় একটি অংশ দরিদ্র পরিবারের সন্তান। ভর্তি হওয়ার পরপরই অভিভাবকেরা তাঁদের বিয়ে দিয়ে দেন। বিয়ের পর সংসার ও পারিবারিক দায়িত্বের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনায় আগ্রহ কমে যায়। ফলে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতিও ব্যাহত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস জানান, পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া তিনজন পৃথক তিনটি বিষয়ে ফেল করেছেন। আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় ফল বিপর্যয় ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে গত বছর প্রতিষ্ঠানটির ফলাফল তুলনামূলক ভালো ছিল। ওই বছর ১০ পরীক্ষার্থীর মধ্যে নয়জন উত্তীর্ণ হয়েছিলেন।
শিক্ষকসংকটও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত, শারীরিক শিক্ষা, সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিষয়ে শিক্ষক নেই। উচ্চমাধ্যমিক পর্যায়েও সহকারী মৌলভী (কারি) পদে শিক্ষক সংকট রয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ইবতেদায়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। বর্তমানে শিক্ষার্থী ২৫৪ জন। ইবতেদায়ি পর্যায়ে চারজন, মাধ্যমিক পর্যায়ে ছয়জন এবং দ্বাদশ শ্রেণিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ১০ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ে পাঠদানের অনুমতি পায়।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে আগে আলোচনা হয়েছে। তবে প্রতিটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে নিয়ে বসার সুযোগ হয়ে ওঠেনি। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে, অথচ ফলাফল শূন্য—এভাবে চলতে পারে না।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। আলিম শ্রেণির শিক্ষার্থীদের বয়স সাধারণত ১৮ বছরের নিচে হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বিয়ে কীভাবে হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক