মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ: ডা. ইরান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ দুপুর
  • ১১৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি এ ঘটনাকে অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগের শাসনের অবসানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু পূর্ববর্তী সরকারের আমলে দায়ের করা একটি পুরোনো মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, অতীতের শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার কারণে মাহমুদুর রহমান নির্যাতন, কারাবরণ ও একাধিক মামলার শিকার হয়েছেন। এরপরও তাঁর বিরুদ্ধে পুরোনো মামলার জটিলতা বহাল থাকা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিকে প্রশ্নবিদ্ধ করে।

লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীনদের দায়ের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যথাযথভাবে যাচাই না করে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ ঘটনায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ডা. ইরান অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এমন বৈপরীত্য গণতন্ত্রকামী মানুষের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করবে বলেও সতর্ক করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad