ভুয়া নথিতে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের অভিযোগ, প্রতিবাদ তারিন হোসেনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ দুপুর
  • ৭১২৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিজের নামে কোনো আবেদন বা স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার — কথিত আবেদনের উৎস যাচাইয়ের দাবি

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের নামে ভুয়া আবেদন ও জাল নথিপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন। তাঁর দাবি, প্রকাশক পরিবর্তনের জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে তিনি কোনো আবেদন জমা দেননি, কোনো নথিতে স্বাক্ষর করেননি কিংবা এ বিষয়ে কাউকে অনুমোদনও দেননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, তারিন হোসেনের নাম ব্যবহার করে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে জমা দেওয়া কথিত আবেদনপত্রটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও জাল। ওই আবেদনের ভিত্তিতে প্রকাশক পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা আইনগত ও প্রশাসনিকভাবে অবৈধ এবং ভিত্তিহীন।

পরিচালনা পর্ষদের অজ্ঞাতসারে জালিয়াতির অভিযোগ

ইত্তেফাকের বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশক পরিবর্তনের কথিত প্রক্রিয়া সম্পর্কে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পত্রিকাটির সম্পাদক তাসমিমা হোসেন কোনোভাবেই অবগত নন।

পরিচালনা পর্ষদের সদস্যদের অজ্ঞাতসারে একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র এ জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পত্রিকাটি।

বর্তমানে দেশের বাইরে অবস্থানরত তারিন হোসেন তাঁর নামে জমা দেওয়া কথিত আবেদনপত্রের সত্যতা ও উৎস অবিলম্বে যাচাই করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশের অভিযোগ

এদিকে, গত ১৮ নভেম্বর দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাকের অভিযোগ, এসব প্রতিবেদনে তারিন হোসেনের রাজনৈতিক পরিচয়, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ পেশাদার সাংবাদিকতার নীতিমালার চরম পরিপন্থী।

প্রকাশিত ভুল তথ্য অবিলম্বে সংশোধনের পাশাপাশি ভবিষ্যতে তারিন হোসেন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পত্রিকাটি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad