মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা খেলাফত ছাত্র মজলিসের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ দুপুর
  • ৫৯০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি; আহতদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কলেজ শাখার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মদ দিদারুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস পরিদর্শন ও কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে একটি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রশিবিরের পরিচিত কিছু নেতাকর্মী নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে হামলায় অংশ নিয়েছেন। অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। অভিযোগ সত্য হলে তা রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক নৈতিকতার পরিপন্থী হবে।

শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের আহ্বান

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সাংগঠনিক বিরোধের কারণে কারও ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা ভিন্নমতের কোনো সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও পারস্পরিক আস্থার পরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো—শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতির অবসান, নিরাপদ পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চার নিশ্চয়তা।

তাঁরা আরও বলেন, কোনো সংগঠনের পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব যেন অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার হাতিয়ার হয়ে না ওঠে।

তদন্ত ও শাস্তির দাবি

বিবৃতিতে অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির প্রতি সংহতিও প্রকাশ করেন খেলাফত ছাত্র মজলিসের নেতারা।

তথ্যসূত্র: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের যৌথ বিবৃতি ২৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad