শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে আলোচনায় মোজাম্মেল আলী, কে এই মুখপাত্র?

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ দুপুর
  • ১০৭০৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এ খবর প্রকাশের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন তিনি।

সৈয়দ মোজাম্মেল আলী কে, তার পরিচয় কী এবং রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে তার ভূমিকা কী—তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।

মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনা প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দেওয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাকে সক্রিয় দেখা গেছে।

শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয়

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একই ধরনের আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়া হচ্ছে।

মোজাম্মেল আলী বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেশে ফেরার ঘোষণা ঘিরে আইনি প্রশ্ন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহ প্রকাশের বিষয়টি শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে এ বিষয়ে তার মুখপাত্র হিসেবে মোজাম্মেল আলীর বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ বেড়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad