তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক মজলিস। সংগঠনটি মনে করে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এ মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আন্দোলনরত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম ও সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রতিটি গ্রেডের বিদ্যমান মজুরি অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পোশাকশিল্পের সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত গ্রেড-৪-এর মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিলেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। কিন্তু মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধির ভোটে এ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন।
শ্রমিক মজলিসের নেতারা বলেন, বর্তমানে গ্রেড-৪-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থ দিয়ে শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। তাঁদের মতে, শ্রমিকদের দাবি অনুযায়ী আরও এক হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতো না; বরং শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরত।
বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়। নেতারা বলেন, একজন নিম্নস্তরের সরকারি কর্মচারীর বেতন যেখানে প্রায় ৩৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি ১৭ হাজার টাকা। একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেও দুই শ্রেণির মানুষের আয়ের এমন ব্যবধান শ্রমিকদের মধ্যে হতাশা তৈরি করছে।
এ অবস্থায় দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
একই সঙ্গে বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও টেকসই মজুরি কাঠামো প্রণয়ন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বানও জানিয়েছে শ্রমিক মজলিস।

প্রথম দর্পণ,ডেস্ক