পলি জমে ভরাট হচ্ছে নদীর তলদেশ, ব্যাহত কৃষি ও নৌ চলাচল; দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি পাঁচ জেলার মানুষের
একসময় যে তিস্তার প্রবল স্রোত আর গর্জনে আতঙ্কিত হতেন নদীপাড়ের মানুষ, শুষ্ক মৌসুমে সেই নদী এখন ধু-ধু বালুচর। কোথাও কোথাও হেঁটেই পার হওয়া যায় নদী। পানির অভাবে বন্ধ হয়ে গেছে নৌঘাট, কর্মহীন হয়ে পড়েছেন মাঝি ও জেলেরা। ব্যাহত হচ্ছে কৃষিকাজ, সংকটে পড়েছে নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা। শুধু তিস্তা নয়, উত্তরের আরও ১২টি নদীও হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে এ অঞ্চলের নদীগুলো ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।
তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দাবি, নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। তাদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নদী ও নদীনির্ভর জনপদের সংকট অনেকটাই কমবে।
তিস্তা ছাড়া এ অঞ্চলের সংকটাপন্ন নদীগুলোর মধ্যে রয়েছে ধরলা, গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রত্নাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী ও কোটেশ্বর। স্থানীয়দের ভাষ্য, এসব নদীতে দীর্ঘদিন ধরে পলি জমে নাব্য কমেছে। শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় নদীর বিস্তীর্ণ অংশে চর জেগে উঠছে। আবার বর্ষায় সামান্য পানির চাপেই কোথাও কোথাও বন্যা ও ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।
কৃষি ও জীবিকায় প্রভাব
সরেজমিনে তিস্তা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীর বুকে বিস্তীর্ণ বালুচর। কোথাও সরু ধারায় পানি প্রবাহিত হচ্ছে, আবার কোথাও নদীর একাধিক অংশে পানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণের পর থেকে তিস্তার পানিপ্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়ে। অন্যদিকে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি পাওয়া যায় না।
তাদের দাবি, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশের তিস্তা অববাহিকার কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা ও আন্দোলন চললেও কাঙ্ক্ষিত সমাধান আসেনি।
লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর বিস্তীর্ণ এলাকায় তিস্তার প্রভাব রয়েছে। প্রায় ১২৫ কিলোমিটার অববাহিকাজুড়ে নদীটির পানিপ্রবাহ কমে যাওয়ায় কৃষক, জেলে ও মাঝিদের জীবিকায় সংকট তৈরি হয়েছে। হাতীবান্ধার তিস্তা ব্যারাজের সেচ কার্যক্রমও পানিস্বল্পতার কারণে চাপে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
পানির অভাবে কৃষকরা সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নদীতে মাছ কমে যাওয়ায় জেলেদের আয়ও কমেছে। নৌ চলাচল বন্ধ বা সীমিত হয়ে পড়ায় মাঝিরা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। নদীর বুকে চর জেগে ওঠায় একসময় নৌকায় পারাপার হওয়া মানুষ এখন অনেক জায়গায় হেঁটেই নদী পার হচ্ছেন।
মহাপরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। এ সমীক্ষার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প শুরুর আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করা হবে সমীক্ষার মাধ্যমে।
তবে দীর্ঘদিন ধরে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি শুনলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্বাচন সামনে এলেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ে। প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন শেষে কাজের অগ্রগতি দেখা যায় না।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তাপাড়ে আন্তর্জাতিক মানের সমীক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। দ্রুতই সমীক্ষার কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালে প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে।
নদী শুকিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধান গ্রামের কৃষক আজমল মিয়া বলেন, তিস্তা নদীতে এখন পানি নেই বললেই চলে। মাইলের পর মাইল বালুচর জেগে আছে। বালুর ওপর দিয়ে চলাচল করতে মানুষের অনেক কষ্ট হয়। নদীর ওপর নির্ভরশীল জেলেরা পৈতৃক পেশা ছেড়ে অন্য কাজ খুঁজছেন। অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একই গ্রামের মাঝি জসিম মিয়া বলেন, তিস্তায় পানি না থাকায় নৌকাঘাট বন্ধ হয়ে গেছে। মানুষ হেঁটে নদী পার হচ্ছে। নৌ চলাচল বন্ধ থাকায় মাঝিরা কর্মহীন হয়ে পড়েছেন।
হাতীবান্ধা উপজেলার চরগড্ডিমারী এলাকার কৃষক শহীদার বলেন, তিস্তা নিয়ে বারবার সমীক্ষা ও নানা উদ্যোগের কথা শোনা যায়। কিন্তু বাস্তবে কাজ শুরু হতে দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে তার।
স্থানীয় বাসিন্দাদের মতে, তিস্তা নদী খনন করে একটি নির্দিষ্ট চ্যানেলে পানিপ্রবাহ সচল রাখা গেলে কৃষি, মৎস্যসম্পদ ও নৌ চলাচলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এতে নদীর পানির ব্যবহার বাড়বে, মাছের উৎপাদন ও নৌ যোগাযোগের সুযোগ তৈরি হবে। নদীসংলগ্ন জমিতেও কৃষিকাজের সম্ভাবনা বাড়বে বলে মনে করেন তারা।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, কয়েক বছর ধরে তিস্তা নদীতে বছরে তিন থেকে চার মাস পানি প্রবাহ থাকে। শীত মৌসুমে নদীটি অনেকটা শুকিয়ে মরা খালের মতো হয়ে যায়। সামান্য যে পানি থাকে, তা কয়েকটি বিচ্ছিন্ন চ্যানেলে প্রবাহিত হওয়ায় কার্যকরভাবে কাজে লাগানো যাচ্ছে না। নদীতে নির্দিষ্ট একটি চ্যানেল তৈরি করা গেলে ওই পানি আরও উপকারে আসত।
তিস্তা অববাহিকার মানুষের প্রত্যাশা, রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়ে এবার দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নদীর পানিপ্রবাহ ফিরিয়ে আনা, নাব্য রক্ষা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরের পাঁচ জেলার কৃষি, পরিবেশ ও জনজীবনের সংমৌসুমেকট কাটবে—এমন আশায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

প্রথম দর্পণ,ডেস্ক