বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
দ্রব্যমূল্যের সঙ্গে মজুরির সামঞ্জস্য চান শ্রমিকেরা
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
এ ছাড়া কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান শ্রমিকেরা।
শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’
শ্রমিক আঁখি বানুর অভিযোগ, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা জানালেও তা গুরুত্ব দিয়ে শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।
আলোচনার পর তিন দিনের ছুটি ঘোষণা
এ বিষয়ে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।
তিনি আরও বলেন, কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

প্রথম দর্পণ,ডেস্ক