অনলাইন বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকির সন্দেহ, নজরদারিতে ২৯ রেস্টুরেন্ট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ দুপুর
  • ৫৭২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে খাবার বিক্রির তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নে উল্লেখ করা বিক্রির হিসাবে বড় ধরনের গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা, তদন্ত ও গবেষণা অধিদপ্তর। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের তথ্য বিশ্লেষণ করে ২৯টি রেস্টুরেন্টের বিক্রয় ও দাখিল করা ভ্যাট রিটার্নে অসংগতি শনাক্ত করেছে সংস্থাটি। এসব প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রয় নিরূপণ করে বকেয়া রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে।

বৃহস্পতিবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৪ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফুডপান্ডা থেকে চার হাজার, ফুডি থেকে পাঁচ হাজার ৪৩৪ এবং পাঠাও ফুড থেকে তিন হাজার ৬৪৬টি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করা হয়। এসব তালিকা পর্যালোচনার পর ২৯টি রেস্টুরেন্টের বিক্রয় ও ভ্যাট রিটার্নের তথ্য বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। এতে ২০২৬ সালের আগস্ট মাসের বিক্রয় তথ্য ও দাখিলপত্রে উল্লেখ করা অঙ্কের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে।

নয় প্রতিষ্ঠানের হিসাবে ৮৪ লাখ টাকার গরমিল

অধিদপ্তরের বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠানের ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে মোট বিক্রির পরিমাণ দুই কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। অথচ আগস্ট মাসের ভ্যাট রিটার্নে এসব প্রতিষ্ঠানের প্রদর্শিত বিক্রির পরিমাণ এক কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। দুই হিসাবের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ৮৪ লাখ পাঁচ হাজার ৯৯১ টাকা।

এ ছাড়া একটি রেস্টুরেন্টের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নে প্রদর্শিত অর্থের পার্থক্য পাওয়া গেছে সাত লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও বিক্রয় ও রিটার্নের হিসাবে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে বলে অধিদপ্তরের পর্যবেক্ষণে উঠে এসেছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রেস্টুরেন্টগুলোর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে। বাকি প্রায় ৯০ শতাংশ বিক্রি হয় সরাসরি আউটলেট থেকে। তাই শুধু অনলাইন বিক্রির তথ্য যাচাই করেই প্রকৃত বিক্রির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বিক্রয় হিসাবও পরীক্ষা করা প্রয়োজন।

পাঁচ দফা নির্দেশনা

প্রকৃত বিক্রয় ও রাজস্ব নির্ধারণে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্ত তালিকা থেকে নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে। তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের বাইরে থাকলে তাকে নিবন্ধনের আওতায় আনতে হবে।

এ ছাড়া ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের কাছ থেকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের বিক্রয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাখিল করা ভ্যাট রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। হিসাবের গরমিল পাওয়া গেলে বকেয়া রাজস্ব আদায় এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রয় নির্ধারণ করে প্রাপ্য রাজস্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালিকাভুক্ত ২৯টি রেস্টুরেন্ট

অধিদপ্তরের তালিকায় রয়েছে—সুলতানস ডাইনের পাঁচটি শাখা (গুলশান, মিরপুর-৬, সিলেট, শুজাতনগর ও আগ্রাবাদ); পিজ্জা বার্গের ১০টি শাখা (চট্টগ্রাম, মিরপুর, উত্তরা, সাতমসজিদ রোড, বসুন্ধরা, ওয়ারী, এডি অ্যাভিনিউ, পল্লবী, আদাবর ও গুলশান); চিলক্সের তিনটি শাখা (খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী); ম্যাডশেফের দুটি শাখা (মিরপুর ও উত্তরা); বার্গার এক্সপ্রেসের পাঁচটি শাখা (মিরপুর, বনানী, বেইলি রোড, মোহাম্মদপুর ও ভূতের গলি); চিজের দুটি শাখা (ধানমন্ডি ও মিরপুর); সেভেনডেইজ, লালবাগ বিরিয়ানি হাউসের একটি করে শাখা।

তথ্যসূত্র: ভ্যাট গোয়েন্দা, তদন্ত ও গবেষণা অধিদপ্তরের নির্দেশনা -এর প্রতিবেদন, ২৬ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad