বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ ও বৈশ্বিক স্বীকৃতির কারণে এ অঞ্চলের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে হংকংয়ের দ্য ইউনিভার্সিটি অব হংকং। তালিকার শীর্ষ ১০ অবস্থানের মধ্যে রয়েছে হংকং, চীন ও সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলো।
কিউএসের প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ১০০ স্কোর নিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। ৯৯ দশমিক ৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি। একই দেশের সিংহুয়া ইউনিভার্সিটি ৯৯ দশমিক ৭ স্কোর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
৯৯ দশমিক ১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং। ৯৮ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।
ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে চীনের ফুদান ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। উভয় বিশ্ববিদ্যালয়ের স্কোর ৯৮ দশমিক ৭। ৯৮ দশমিক ৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।
অন্যদিকে ৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে নবম স্থানে যৌথভাবে রয়েছে হংকংয়ের দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি এবং দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
বিশ্ব র্যাঙ্কিংয়েও এগিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়
এশিয়ার আঞ্চলিক তালিকার পাশাপাশি কিউএসের সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে এসব বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর দশম, দ্য ইউনিভার্সিটি অব হংকং ১১তম, নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ১২তম, পিকিং ইউনিভার্সিটি ১৩তম এবং সিংহুয়া ইউনিভার্সিটি ১৪তম অবস্থানে রয়েছে। এ ছাড়া দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং রয়েছে ১৮তম স্থানে।
বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ
এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, ব্যবসা, আইন, অর্থনীতি ও কলাসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তিশিক্ষায় সিংহুয়া ইউনিভার্সিটি এবং নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সুনাম রয়েছে।
পর্যটন ও নকশাবিষয়ক শিক্ষায় পরিচিত হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। চিকিৎসাবিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানে খ্যাতি রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের। অন্যদিকে বিজ্ঞান, অর্থনীতি ও কলা বিষয়ে পিকিং ও ফুদান ইউনিভার্সিটির রয়েছে আন্তর্জাতিক পরিচিতি।
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থান আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় অঞ্চলটির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

প্রথম দর্পণ,ডেস্ক