মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।
সংসদীয় কমিটির রেজ্যুলেশন সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, অনেক নারী শিক্ষককে নিজ জেলা থেকে দূরবর্তী এলাকায় চাকরি করতে হচ্ছে। এতে তাঁদের পারিবারিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে।
তিনি উল্লেখ করেন, দূরবর্তী স্থানে চাকরির কারণে অনেক নারী শিক্ষকের সংসারে ভাঙন দেখা দিয়েছে, কেউ কেউ বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকে চাকরিও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকদের জন্য সহায়ক ও বাস্তবসম্মত বদলি নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাধীন নয়। বদলি ও এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে।
এ সময় মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শিক্ষকদের বদলি প্রক্রিয়া পরিচালনার জন্য ইতোমধ্যে মাউশির পক্ষ থেকে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। নীতিমালা অনুমোদিত হলে এর মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংসদীয় কমিটির এ সুপারিশ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে নিজ জেলা বা পরিবারের কাছাকাছি কর্মস্থলে যাওয়ার সুযোগ তৈরি হলে দূরবর্তী এলাকায় কর্মরত নারী শিক্ষকদের পারিবারিক দুর্ভোগ কমতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক