শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদারের দাবি, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়ক ধসে পড়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট এলজিইডি প্রকৌশলী।
স্থানীয় ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই প্রায় ৫০ মিটার অংশের পিচের আস্তরণ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট অংশ ধসে পড়েছে। পাশাপাশি চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি কেটে সড়কের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পাইলিং বা মাটি ধরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালেও সেখানে ভাঙন দেখা দিয়েছিল। তখন যথাযথ মেরামত ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে দায়সারাভাবে কাজ শেষ করা হয়। ফলে কার্পেটিংয়ের সাত দিনের মাথায় একই স্থানে আবার ধস দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, সড়কের পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। বরং পাশের মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। পাশে মাটি না থাকলে সড়ক টিকবে কীভাবে?
অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। কাজটি নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে। নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা কী বলছেন, তা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়।
গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তিনি বলেন, বক্তব্য দিলে তাঁর ‘সমস্যা হবে’ এবং এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলতে।
তথ্যসূত্র: স্থানীয় বাসিন্দা, উপজেলা এলজিইডি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য; প্রকাশিত প্রতিবেদন, ২৪ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক