এআই চ্যাটবটকে গালাগাল করলে কমে সমাধানের সম্ভাবনা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ বিকাল
  • ৭৫২৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ; ভদ্রভাবে অভিযোগ জানালে সমস্যা সমাধানের হার ৩৫ শতাংশ, অপমানজনক ভাষায় ২৪ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে গালাগাল বা অপমানজনক ভাষায় কথা বললে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত সমাধান পাওয়ার সম্ভাবনা কমে যায়। বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে করা এক গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে অপমান ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়। কিন্তু গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার করলে সমাধানের হার নেমে আসে ২৪ শতাংশে।

টেকরাডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক চ্যাটবটের সঙ্গে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করে নতুন ব্যবহারের নীতিমালা চালু করেছে। নীতিমালাটি গত ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্তের পর চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ, এআইয়ের অনুভূতি আছে কি না এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে—এসব বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিক এর আগে ভবিষ্যতের এআই ব্যবস্থার সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। এ কারণে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

গবেষণায় বলা হয়েছে, চ্যাটবটের সঙ্গে ভদ্রভাবে কথা বলা কেবল সামাজিক সৌজন্যের বিষয় নয়; কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই অপমান না করে স্পষ্টভাবে সমস্যার কথা জানানো এবং সংশোধন চাইলে তুলনামূলকভাবে উপকারী ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

গবেষণায় বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীর তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগাল বা অপমানসূচক শব্দ ব্যবহার করেন। ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে। আর যুক্তরাষ্ট্রে প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর মধ্যে একজন চ্যাটবটকে গালাগাল করেন বা অপমানজনক কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে অপমানজনক ভাষায় চ্যাটবটের কার্যকারিতা কেন কমে যায়, সে বিষয়ে গবেষকদের নিশ্চিত ব্যাখ্যা নেই। বিশেষজ্ঞদের ধারণা, কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির কারণও তুলে ধরা হয়েছে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করায় ১৯ শতাংশ ক্ষেত্রে গালাগাল বা অপমান করা হয়। ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ দেখা যায়।

তথ্যসূত্র: টেকরাডার প্রতিবেদন ২৪ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad