নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগরে হামলার মামলায় আদালত থেকে আপস-মীমাংসার শর্তে ২০ দিনের জামিন পেয়ে বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে আমির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে শ্বশুর মো. দুলাল (৫০) ও শাশুড়ি হোসনেয়ারা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত আমির হোসেন চরফলক ইউনিয়নের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি হাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে স্ত্রী ও পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
জমি নিয়ে বিরোধ, একাধিকবার মারধরের অভিযোগমামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর জাঙ্গালীয়া মৌজায় ওয়ারিশ ও ক্রয়সূত্রে ১১ শতক বসতভিটার মালিক হোসনেয়ারা বেগম। ২০১৫ সালে তিনি ওই জমির চার শতক মেয়ে শেফালী বেগমকে দান করেন। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছেন আমির হোসেন।
অভিযোগ রয়েছে, আমির হোসেন প্রায়ই বাড়ির দরজার খোলা জায়গায় গরু জবাই করেন। গরুর বর্জ্য ও মলমূত্র খোলা জায়গা এবং বাড়ির পুকুরে ফেলায় দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়ে। এসব কাজে নিষেধ করায় শাশুড়িকে গালিগালাজ ও তিন দফায় মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৫ জুলাই দুপুর ১২টার দিকে ১১ শতক জমিতে গরুর গামলা বসিয়ে দখলের চেষ্টা এবং বাড়ির গাছপালা কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এতে বাধা দিলে হোসনেয়ারা বেগমকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং তাঁর গলা ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আমির হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ২৮ জুলাই লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আমির হোসেন, তাঁর মেয়ে শেফালী বেগম, আমিরের বোনজামাই আবু তাহের নান্নু (৪৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন হোসনেয়ারা বেগম।
তদন্ত শেষে পুলিশের প্রতিবেদনআদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কমলনগর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।
ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করেন আমির হোসেন। শাশুড়ির সঙ্গে বিরোধ মীমাংসার জন্য সময় চাইলে আদালত আপস-মীমাংসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে ২০ দিনের জামিন দেন।
তবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই শাশুড়িকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্বশুর দুলালও হামলার শিকার হন।
‘বাড়ি ফিরেই গালিগালাজ ও মারধর’হোসনেয়ারা বেগম বলেন, “আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে এসেই আমির হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার স্বামীসহ দুজনকে এলোপাতাড়ি মারধর করে। এখন পর্যন্ত সে আমাকে চারবার মেরেছে। এমনকি বাড়ির রাস্তা দিয়ে আমাকে হাঁটতেও দেয় না।”
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আমির হোসেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে। শাশুড়ির সঙ্গে আমার কোনো বিরোধ নেই।”
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, ২৪ নভেম্বর ২০২৬; মামলা ও স্থানীয় সূত্র; ভুক্তভোগী ও অভিযুক্তের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক