বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরোনো চুক্তি নবায়ন, নাকি নতুন শর্তে চুক্তি—এ নিয়ে দুই দেশের অবস্থানে রয়েছে মতপার্থক্য। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ও পরিবর্তিত জলবায়ুর বাস্তবতা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিশ্লেষণে বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
বিশ্লেষণ অনুযায়ী, নতুন চুক্তি না করে পুরোনো চুক্তিই নবায়নে রাজি বাংলাদেশ—এমন আলোচনা রয়েছে। তবে নতুন শর্ত এবং দুই দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কের কারণে চুক্তি নবায়নের বিষয়টি জটিল হয়ে উঠেছে।
শুষ্ক মৌসুমে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
চুক্তি অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর দুই দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক, বাকি পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত দুই দেশ পালাক্রমে ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
তবে সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং পানির চাহিদা বেড়ে যাওয়ায় পুরোনো চুক্তির শর্তে পরিবর্তনের দাবি উঠেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, ভারত ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাচ্ছে। পাশাপাশি নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর রাখার প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত নিশ্চিতভাবে ৪০ হাজার কিউসেক পানি এবং দীর্ঘমেয়াদি চুক্তি চায়। ১৯৭৭ সালের চুক্তির মতো শুষ্ক মৌসুমে ন্যূনতম পানির নিশ্চয়তা বা ‘মিনিমাম গ্যারান্টি’ ফিরিয়ে আনার দাবিও রয়েছে বাংলাদেশের।
ভারতের গবেষক নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রবাহ কম থাকলেও নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা থাকলে উজানের দেশ হিসেবে ভারতের ওপর বড় চাপ তৈরি হবে। ফলে এ ধরনের শর্ত মেনে নিতে দিল্লির অনীহা থাকতে পারে।
রাজনৈতিক টানাপোড়েনও বড় বাধাগঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে দুই দেশের শীতল সম্পর্কও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলেও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে ফেরত পাঠানোর দাবিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
এ কারণে গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও বাতিল হয়েছিল বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
ভারতের অভ্যন্তরেও আপত্তিগঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের অভ্যন্তরেও ভিন্নমত রয়েছে। গত আগস্টে বিজেপির শরিক দল জনতা দল (ইউনাইটেড) দাবি করেছে, চুক্তিটি বিহারের স্বার্থের পরিপন্থী। এ কারণে চুক্তি নবায়ন না করার দাবিও উঠেছে দলটির পক্ষ থেকে।
এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তও বাংলাদেশকে সতর্ক অবস্থানে রেখেছে বলে বিশ্লেষণে বলা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় নতুন সমাধানবিশেষজ্ঞদের মতে, শুধু পুরোনো নিয়মে চুক্তি নবায়ন করলেই চলবে না। জলবায়ু পরিবর্তনের ফলে পানির প্রবাহ ও চাহিদায় যে পরিবর্তন এসেছে, তা বিবেচনায় নিয়ে পানিবণ্টন এবং তথ্য আদান-প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান শ্রীনিবাস চোক্কাকুলার মতে, ১৯৯৬ সালে চুক্তি সম্পাদনে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সদিচ্ছা কাজ করেছিল, এখনো তেমন আস্থা ও সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।
চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যে দুই দেশ নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে গঙ্গার পানিবণ্টন নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং পরিবর্তিত জলবায়ুর বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ; ২৪ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক