ইসরাইলে নতুন সরকার গঠন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে প্রকাশ্য বিরোধ তীব্র আকার ধারণ করেছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের মধ্যে এ বিরোধের পাশাপাশি বিরোধী জোটের অভ্যন্তরেও সরকার গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পার্লামেন্টে নিজ নিজ দলের বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোট একে অপরের অবস্থানের তীব্র সমালোচনা করেন। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের ওপর জোর দেন নেতানিয়াহু। অন্যদিকে আইজেনকোট বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে ইরানে হামলা চালানোর মতো জরুরি কোনো হুমকি তিনি দেখছেন না।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিরোধীরা ইরানের তাৎক্ষণিক নিরাপত্তা হুমকিকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। তাঁর মতে, ইরানের সম্ভাব্য বিপদ মোকাবিলায় এখনই জাতীয় ঐক্যের সরকার গঠন জরুরি।
তবে ইরানে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেই আপত্তি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক মহলে এমন গুঞ্জনও রয়েছে, ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া বিলম্বিত করতেই নেতানিয়াহু নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।
ইরানে হামলার বদলে ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার প্রস্তাবনেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করে আইজেনকোট বলেন, ইরানের পক্ষ থেকে এমন কোনো জরুরি হুমকি নেই, যার কারণে নতুন সরকার শপথ নেওয়ার আগেই সামরিক হামলা চালাতে হবে।
তিনি মনে করেন, যুদ্ধের পরিবর্তে ইরানের হাতে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত।
এ ছাড়া ৭ অক্টোবরের হামলার বিষয়ে রাষ্ট্রীয় তদন্ত এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালুর দাবি থেকে সরে আসবেন না বলেও জানান আইজেনকোট।
বিরোধী জোটেও মতবিরোধএদিকে নতুন সরকার গঠন নিয়ে বিরোধী জোটের মধ্যেও মতপার্থক্য বাড়ছে। জোটের নেতা নাফতালি বেনেট লিকুদ পার্টির সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন।
তবে বামপন্থী নেতা ইয়ার গোলান এ প্রস্তাবকে ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, যেকোনো উপায়ে নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখাই এখন প্রধান লক্ষ্য।
জোটের শরিকদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে আইজেনকোট বিকল্প পথে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন। এ ক্ষেত্রে দ্রুত পার্লামেন্টে আস্থা ভোটের আয়োজন করে সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রতিবেদন অনুযায়ী, এভাবে সরকার গঠন করতে পারলে পরবর্তী সময়ে সরকার ভেঙে গেলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হতে পারে আইজেনকোটের।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল; আজকের পত্রিকা।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক