চুরির পরিকল্পনা থেকেই গণপতি চক্রবর্তীর পরিবারের চারজনকে হত্যা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ দুপুর
  • ৭১৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় দুই আসামির স্বীকারোক্তি, ডিএনএ পরীক্ষায় মিল

রংপুর নগরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার নেপথ্যে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিলেন দুই আসামি। ছাদে গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাঁকে প্রথমে হত্যা করা হয়। পরে একে একে তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করেন তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাঁদের জবানবন্দির মিল রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরে জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন দুই আসামি।

তদন্তে জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাঁদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তাঁরা প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করতে থাকেন। এ সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে শব্দ শুনে ছাদে যান গণপতি চক্রবর্তী। তাঁর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন দুই আসামি।

পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাঁদেরও হত্যা করা হয়। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করেন আসামিরা। পুলিশের দাবি, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। এতে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন তৈরি হয়।

চারজনকে হত্যার পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। পুলিশের তথ্য অনুযায়ী, আসামিদের দাবি, তাঁরা প্রায় ১৫ হাজার টাকা নিয়েছিলেন। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিএনএ পরীক্ষার বিষয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। এসব নমুনায় নিহত পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি মেলেনি বলে দাবি পুলিশের।

এদিকে গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা থাকলেও তদন্তে তাঁর অবসরকালীন প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।

পুলিশ জানায়, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে এর দায়িত্ব নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad