মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২৮ রান। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্কুইজ আকারম্যান। তাঁর ১৫০ রানের ইনিংসটি স্বাগতিকদের বড় সংগ্রহ গড়ার ভিত তৈরি করে দেয়।
দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিল বাংলাদেশ। ২৭ রান করা জুবায়ের হামজাকে আউট করেন খালেদ আহমেদ। অন্যদিকে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলা আকারম্যানকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।
তবে বাংলাদেশের জন্য হতাশার মুহূর্তও ছিল। টনি ডি জর্জি তাসকিন আহমেদের বলে ফিরতি ক্যাচ তুলে দিলেও নিজের বলে সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এই পেসার। ফলে গুরুত্বপূর্ণ একটি উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে আকারম্যানের ব্যাটিংয়ে বাংলাদেশের বোলাররা কার্যত চাপে পড়ে যান।
এখন ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে হলে দিনের বাকি দুই সেশনে দ্রুত দক্ষিণ আফ্রিকার উইকেট তুলে নিতে হবে বাংলাদেশকে। তা না হলে স্বাগতিকদের লিড আরও বড় হওয়ার পাশাপাশি ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ কঠিন হয়ে উঠতে পারে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স