পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি শুটআউট বাদে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮টি পেনাল্টি নিয়েছেন এমবাপ্পে। এর মধ্যে ছয়টিতে গোল করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। তার পেনাল্টি মিসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে লা লিগার অন্য কোনো খেলোয়াড়ের পেনাল্টি মিসের হার এত বেশি নয়।
এমবাপ্পের ব্যর্থতা, রিয়ালের জয়শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। একপর্যায়ে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন এমবাপ্পে। কিন্তু স্পটকিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
তবে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় রিয়াল। জুড বেলিংহ্যাম ও কার্লোস এসপির গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
ইয়ামালের বয়সেই তিন পেনাল্টি মিসএমবাপ্পের একদিন পর একই পথে হাঁটেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পায় বার্সেলোনা। ভিএআর পর্যালোচনার পর ২৩ মিনিটের দিকে পেনাল্টি আদায় করেন ইয়ামাল।
নিয়মিত পেনাল্টি টেকার রাফিনিয়ার সঙ্গে কথা বলার পর নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন স্প্যানিশ এই উইঙ্গার। কিন্তু তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
এই ব্যর্থতার মধ্য দিয়ে আরেকটি বিব্রতকর রেকর্ড গড়েছেন ইয়ামাল। প্রতিযোগিতামূলক ফুটবলে নেওয়া সাতটি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করতে পারেননি তিনি। তার পেনাল্টি মিসের হার ৪২ দশমিক ৯ শতাংশ।
মাত্র ১৯ বছর ১৩২ দিন বয়সে লা লিগায় তিনটি পেনাল্টি মিস করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
দুই গোলে পিছিয়ে থেকেও বার্সার জয়ইয়ামালের পেনাল্টি মিসের পরও ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে হান্সি ফ্লিকের দল।
জেরার্ড মার্টিন ও ফারমিন লোপেজের গোলের পাশাপাশি পাউ নাভারোর আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা।
ফলে একই সপ্তাহান্তে দুই দলের দুই তারকার পেনাল্টি মিস আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল ও বার্সেলোনা। তবে এমবাপ্পে ও ইয়ামালের ব্যক্তিগত পরিসংখ্যানে যুক্ত হয়েছে দুটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স