ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) হিসাব অনুযায়ী, ২০২৪ সালে চীনে ৩৮০ দশমিক ২ টন স্বর্ণ উৎপাদিত হয়। পরের বছর উৎপাদন বেড়ে দাঁড়ায় ৩৮৪ দশমিক ৩ টনে। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রাখে চীন।
দেশটির স্বর্ণ উৎপাদনে নিজস্ব খনির পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামালও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের স্বর্ণশিল্পের বিস্তৃত অবকাঠামো এবং পরিশোধন সক্ষমতা এ খাতে দেশটির অবস্থান আরও শক্তিশালী করেছে।
উৎপাদনে কমতি, ব্যবহারে বড় চাহিদাচায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের বরাত দিয়ে সানসার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
উৎপাদন কমলেও স্বর্ণের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে।
তবে ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার কমেছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে, স্বর্ণের বার ও কয়েন কিনে বিনিয়োগ বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের ওঠানামা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তন আসছে। গয়নার পরিবর্তে স্বর্ণের বার ও কয়েনে বিনিয়োগের প্রবণতা বাড়ায় বাজারের চাহিদার ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে।
চীনে ১১৭টি সচল স্বর্ণখনিস্বর্ণ উৎপাদনে চীনের শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে দেশটির বিস্তৃত খনি অবকাঠামো। গ্লোবালডেটার তথ্যমতে, বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সচল খনি রয়েছে। এর মধ্যে ১১৭টি চীনে অবস্থিত।
দেশটির উল্লেখযোগ্য খনিগুলোর মধ্যে রয়েছে শাসি কপার মাইন, ইশিংঝাই, সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং মাইন।
স্বর্ণ উৎপাদন ও ব্যবহারে চীনের এই অবস্থান বিশ্ববাজারে দেশটির প্রভাবকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে উৎপাদন কমে যাওয়া এবং বিনিয়োগের ধরনে পরিবর্তন আসায় আগামী দিনে দেশটির স্বর্ণবাজার কোন দিকে যায়, তা নিয়ে আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট মহলে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক